২২ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর লন্ডনী রোডের হাজিপাড়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আহত শিশুটিকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেয়া হচ্ছে।
ধর্ষণের শিকার মেয়েটির মা মানুষের বাসায় কাজ করেন। গত বুধবার সকালে মেয়েটিকে বাসায় রেখে কাজে যান তিনি। ফিরে এসে মেয়েকে কান্নাকাটি করতে দেখেন। পরে জানতে পারেন পাশের লোকমানের কলোনির সজিব মিয়া (১৮) নামের এক ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করেছে।
শনিবার বিষয়টি জানাজানি হয়।
পরে আইনের আশ্রয় নিতে গেলে তাকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয় প্রভাবশালীদের মাধ্যমে। মেয়ের মা রাজি না হয়ে ওসমানী হাসপাতালে মেয়েকে নিয়ে যান। সেখান থেকে জালালাবাদ থানায় ওসিসি ৩০৫ নং স্মারকের মাধ্যমে মামলা নেয়ার জন্য চিঠি পাঠানো হয়।
ধর্ষণের শিকার মেয়েটির মা জানান, স্থানীয় প্রভাবশালীরা এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তাদের হুমকি দিচ্ছেন। বিনিময়ে টাকা দেয়ারও লোভ দেখাচ্ছে।
জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, ওসমানী হাসপাতালের চিঠি ও কাগজ পেয়েছি। ঘটনাটি লন্ডনি রোডের শেষ সীমানায় হাজিপাড়া এলাকায় ঘটেছে। এটি বিমানবন্দর থানাধীন। কাগজপত্র বিমানবন্দর থানায় পাঠিয়ে দেয়া হবে।
(আজকের সিলেট/২১ জুলাই/এসটি/ঘ.)