২১ জুলাই ২০১৮


খালি হাতে ফিরলেন আরিফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পোস্টার লাগানোর সময় এক কর্মীকে আটকের অভিযোগে গত ১২ জুলাই মধ্যরাতে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়েছিলেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রায় ৪০ মিনিট অবস্থানের পর সে রাতে আটক কর্মীকে ছাড়িয়ে আনতে সক্ষম হন আরিফ।

এর পর শনিবার আবারও দুই কর্মীকে গ্রেফতারের পর ছাড়াতে মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ের সামনে দলবল নিয়ে বসে পড়েন আরিফুল হক। অভিযোগ মামলা ও ওয়ারেন্ট ছাড়াই তাঁর দুই কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। এদের ছেড়ে দেওয়ার দাবিতে উপ কমিশনার কার্যালয়ের সামনে প্রায় আড়াই ঘন্টা অবস্থান নেন আরিফ। তবে এবার ব্যর্থ হয়েই ফিরতে হয় এই মেয়ার প্রার্থীকে। নিয়মিত মামলার আসামী হওয়ায় গ্রেপ্তার করা দুই ব্যক্তিকে ছেড়ে দেয়নি পুলিশ। তাদের সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।

একপর্যায়ে মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ সেখানে আসেন। তার সাথে বাগবিতণ্ডায় জড়ান আরিফ।

পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদ বিএনপি নেতাদের জানান, ওই দুজনকে ওসমানীনগর থানার একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। সেখান থেকে যেন তাদের জামিন করানো হয়। এরপর আরিফসহ বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

ফলে বেলা সাড়ে ৪টার দিকে অবস্থান তুলে নিয়ে খালি হাতেই বাসায় ফিরে যান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। আদালতের মাধ্যমে কর্মীদের ছাড়িয়ে আনবেন বলেও এসময় ঘোষণা দেন তিনি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ অভিযোগ করেন, শুক্রবার রাতে আরিফের প্রচারণায় অংশ নেওয়া দুই কর্মীকে আটক করা হয়েছে। সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে রাসেল আহমদ এবং সুমন আহমদ নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ কোনো মামলা-ওয়ারেন্ট ছাড়াই আমার কর্মীদের ধরপাকড় করছে। সিলেটে এই ধরণের কর্মকান্ড সহ্য করা হবে না। আমরা এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

তবে মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ বলেন, ওসমানীনগর থানার একটি মামলার এজাহারভূক্ত আসামী রাসেল ও সুমন। তাই তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

এদিকে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আরিফুল হক চৌধুরীর এভাবে বসে পড়াকে নাটক আখ্যায়িত করে সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, তিনি জনগনের সহানুভুতি আদায়ের জন্য একের পর এক নাটক করে চলছেন। আমি তাকে নাটক করা বাদ দিয়ে জনগন মন জয়ের চেষ্টায় মনোনিবেশ করার আহ্বান জানাবো।

(আজকের সিলেট/২১ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন