২০ জুলাই ২০১৮


সুনামগঞ্জে নৌকা ডুবে যুবকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বেড়াতে গিয়ে নৌকা ডুবে রাজীব চৌধুরী (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সফিক মিয়া নামের আরেক যুবক। তিনি শহরের মল্লিকপুরের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত আনিস চৌধুরীর ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার মাইজবাড়ি মরা নদীতে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজীব চৌধুরী একটি ছোট নৌকা নিয়ে সুরমা নদীতে বেড়াতে যায়। এসময় সঙ্গে ছিল তার বন্ধু শহরের ষোলঘরের মোহাতার আলী সোহাগের ছেলে শফিক মিয়া (২৬)।

বিকেল সাড়ে চারটার দিকে শহরতলির মাইজবাড়ি এলাকায় সুরমা নদী সংলগ্ন মরা নদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়। সাঁতার না জানায় রাজীব চৌধুরী পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। নৌকা ডুবিতে আহত হন তার বন্ধু শফিক মিয়া।

স্থানীয়রা আহত সফিককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন, অবস্থার অবনতি হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন,‘ নৌকা ডুবির খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত যুবককে উদ্ধার করে সিলেটে এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/২০ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন