২০ জুলাই ২০১৮
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ডাকাত সদস্যরা হলেন- জেলার কমলগঞ্জ উপজেলার কালিপুর এলাকার আছকির মিয়া (৫৬) ও বড়লেখা উপজেলার গজভাগ এলাকার আব্দুল লতিফের ছেলে সোলেমান মিয়া (৩৫)।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার নিউ সমনভাগ চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
বড়লেখা থানার ওসি শহিদুর রহমান জানান, একদল ডাকাত গভীররাতে বাগান এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে ওই দু’জনকে ধরে গণপিটুনি দেন। তবে এসময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই ডাকাত সদস্যকে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, ওই ডাকাত দলের বাকি সদস্যদের ধরার চেষ্টা চলছে।
(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এসসি/ঘ.)