১৮ জুলাই ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান খলাগ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী জামাল উদ্দিনের একমাত্র ছেলে ও সিলেট কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাথিউরা খলাগ্রাম ২ নং পুলের মুখ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসার পথে পথিমধ্যে ঘটনাস্থলে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর অহত হন আব্দুর রহমান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, আব্দুর রহমান সিলেট কমার্স কলেজে এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যায় সে সিলেট থেকে বাড়ি ফিরে। মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসার পথে দুর্ঘটনায় মারা যায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলো। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/১৮ জুলাই/ডি/কেআর/ঘ.)