১৫ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে বিবদমান দ্বন্দ্ব ও আসন্ন সিলেট সিটি করর্পোরেশনের নির্বাচনে সংঘর্ষ এড়াতে এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পদত্যাগকারী ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের ৯ নেতাকে কেন্দ্রে জরুরী তলব করা হয়েছিলো। আর এই জরুরী তলবে শনিবার ঢাকায় যান আশরাফ উদ্দিন রুবেল, বদরুল আজাদ রানা, মাসরুর রাসেল, ইমরুল হোসেন হিমেল, কামরান হোসেন, লোকমান হোসেন, আব্দুস সালম, আবু ইয়ামিন চৌধুরী ও ফয়জুল হক রাজু।
বিকেলে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করেন সিলেট ছাত্রদলের সদ্যপদত্যাগী নেতারা। বৈঠকে বর্তমান জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির বিভিন্ন ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন তারা। নেতারা ধৈর্য্য সহকারে তাদের কথা শোনেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা সিলেট সিটি নির্বাচনের পরে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। বৈঠকে অংশ নেয়া জেলা ছাত্রদলের সদ্যপদত্যাগী সহ সভাপতি মাসরুর রাসেল সিলেট ভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সাথে বর্তমান কমিটি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করে আগামী ৩০ তারিখের পর এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেছেন।‘
এর আগে গত ১৩ জুন রাতে সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই নবগঠিত সিলেট নতুন জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র ৯ নেতা। শিক্ষিত, ত্যাগী ও যোগ্যদেরকে কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগে ১৪ জুন দুপুরে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
এরপর গত ৩ জুলাই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পদত্যাগের বিষয়টি পরিস্কার করেন। এসময় তারা ঘোষিত কমিটিকে ‘কালো টাকায় আঁতাতের কমিটি’ হিসেবে উল্লেখ করেন।
(আজকের সিলেট/১৫ জুলাই/ডি/এমকে/ঘ.)