১৫ জুলাই ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে প্রতি বছরই ভয়াবহ রূপ ধারণ করে খোয়াই নদী। কিছুদিন পরপরই নদীর পানি বিপদসীমার ওপরে উঠে গেলে নির্ঘুম রজনী পার করেন হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকাবাসী। মাছুলিয়া ব্রিজ এলাকায় খোয়াই নদীর বাঁধ মারাত্মক ঝূঁকিপূর্ণ হওয়ায় ভেঙে যাওয়ার আশঙ্কায় থাকতেন তারা।
অবশেষে মাছুলিয়া এলাকায় খোয়াইর ঝুঁকিপূর্ণ বাঁধটি মেরামত কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর আতঙ্কও কমে গেছে। দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলেছে। এতে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
ইতিমধ্যে মেরামত কাজ পরিদর্শন করেন স্থানিয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এসময় তিনি সঠিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনকালে স্থানীয় মুরুব্বীয়ান, আওয়ামী লীগ নেতা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো এ বাঁধ নির্মাণ করা। দুটি প্যাকেজের মাধ্যমে ৪০ লাখ টাকা ব্যয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ ১৩০ মিটার মজবুতভাবে মেরামত করা হচ্ছে।
একটি প্যাকের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই অপর প্যাকেজের কাজ শুরু হবে। এই কাজ শেষে হলে ভবিষ্যতে এলাকাবাসীকে আর আতঙ্কিত হতে হবেনা বলে আশাবাদী তিনি।
(আজকের সিলেট/১৫ জুলাই/ডি/কেআর/ঘ.)