৯ জুলাই ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার গদাইনগর এলাকায় বেপরোয়া টমটমের ধাক্কায় প্রাণ হারিয়েছে জেসমিন আক্তার (৬) নামে একটি শিশু। জেসমিন ওই গ্রামের কদর আলীর মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
সোমবার দুপুরে সদর উপজেলার পাইকপাড়া-সাধুর বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, দুপুরে গদাইনগর এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল জেসমিন। এ সময় বেপরোয়া একটি টমটম (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, হবিগঞ্জে প্রতিনিয়ত কাগজপত্রবিহীন অবৈধ টমটম চলাচল করছে। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করছে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন।
(আজকের সিলেট/৯ জুলাই/ডি/কেআর/ঘ.)