৯ জুলাই ২০১৮


কমলগঞ্জে ডিবির ভুয়া এএসপি আটক

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ডিবির এএসপি পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে শমশেরনগর চৌমোহনা সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় বলে জানান শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অরূপ কুমার চৌধুরী।

পুলিশ সূত্রে জানা যায়, সাজু আহমদ পায়েল (২৫) ডিবির এএসপি পরিচয় দিয়ে সিএনজি ও প্রাইভেট কার ভাড়া করে ড্রাইভারের কাছ থেকে মোবাইল ও টাকা ধার নিয়ে কৌশলে পালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় শমশেরনগর-কুলাউড়া সিএনজি স্ট্যান্ডের চালক শাহিনের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটক সাজু আহমদ রংপুর জেলার কাউনিয়া থানার রাজীবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(আজকের সিলেট/৯ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন