৮ জুলাই ২০১৮


দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় যুবক নিহত

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইন্নাত নগর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় নীল মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নীল মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইন্নাত নগর গ্রামের বাসিন্দা কনর আলী ছেলে।

রোববার দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নীল মিয়া দুপুরের দিকে তার গ্রাম থেকে রিকশায় করে পাগলা বাজারে যাচ্ছিলেন। এ সময় ইন্নাত নগর থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে রিকশাটি ওঠা মাত্রই সিলেটগামী একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নীল মিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রুন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মরদেহটি পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন