৮ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরোদ্ধে বিস্তর অভিযোগ এনে শেষ পর্যন্ত নির্বাচনে চুড়ান্ত লড়াইয়ে থাকছেন দলটির বিদ্রোহী প্রার্থী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এ ঘোষণা দেন।
দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ফোরামে তাকে সিদ্ধান্ত পরিবর্তন করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছিলেন গত কয়েকদিন ধরে। এতে অনেকেই আশাবাদী হলে সেলিম এই প্রকাশ্য ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তার অভিপ্রায়।
সংবাদ সম্মেলনে সেলিম আশাবাদ ব্যাক্ত করে বলেন, দলের বর্তমান নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে। আরিফুল হক চৌধুরীর মনোনয়নপত্র তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাহার করে আমাকেই তারা সমর্থন দিবেন। দল যদি সমর্থন নাও দেয়, তবুও আমি নগরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো। নাগরিক কমিটির প্রার্থী হিসাবে মেয়র পদে প্রতিদ্বন্দীতা চালিয়ে যাবো।
সংবাদ সম্মেলনে বদরুজ্জামান সেলিম বলেন, আমি আশা করি আমার দলের নেতৃত্বের শুভ বুদ্ধির উদর হবে। সেই সাথে আরিফুল হক চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে, দলের নেতাকর্মীর প্রত্যাশা অনুযায়ী আমাকে সমর্থন দান করবেন।
তিনি আরও বলেন, আর যদি আমার দল (বিএনপি) আমাকে সমর্থন নাও দেয় তাহলে ইনশাল্লাহ আমি নগরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো এবং আগামী ৩০ জুলাই সিসিক নির্বাচনে নাগরিকদের প্রার্থী হিসেবে লড়ে যাবো।
এসময় সেলিম বলেন, ১৯৭৮ সালে জিয়ার আদর্শে গড়া সংগঠন জাগদলের সদস্য হিসেবে রাজনীতিতে আমার হাতে খড়ি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি সহ সংগঠনের বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে আমি ২০১৬ সালে নগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে বিপুল ভোটে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই।
আরিফুল হককে দলের জন্য ক্ষতিকর আখ্যায়িত করে সেলিম বলেন, দলীয় হাইকমান্ড একটি নির্বাচনী সাক্ষাৎকার পর্বের ব্যবস্থা করেছিল, সেখানে দলীয় ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনই আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার ব্যাপারে জোর দাবী জানান। এই ৫ জনই আমাকে সমর্থন জানান। তদুপরি ৯ মাস পূর্বে বিএনপি সিলেট মহানগর সভাপতি সাধারণ সম্পাদক ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সম্মতিতে একটি স্মারকলিপি দলীয় চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সকল সদস্য ও মহাসচিবকে প্রদান করা হয় যাতে আরিফুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ার পক্ষে যুক্তিসঙ্গত বক্তব্য ছিল।
সংবাদ সম্মেলনে সেলিম ৩৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এ সিলেট নগরীকে আধ্যাত্মিক, প্রবাসী অধ্যুষিত একটি তিলোত্তমা নগরী গড়ে তোলবেন বলে প্রত্যাশা রাখেন।
(আজকের সিলেট/৮ জুলাই/ডি/এসসি/ঘ.)