৬ জুলাই ২০১৮


তিনদিন থেকে জলাবদ্ধ উপশহর-যতরপুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : তিন দিন ধরে জলাবদ্ধ সিলেট নগরীর উপশহরের কয়েকটি এলাকা। যেখানে পানিবন্দি অবস্থায় রয়েছেন অর্ধশতাধিক পরিবারের মানুষ। ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক না থাকার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে ওই এলাকায়।

শুক্রবার দুপুরে খবর পেয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ওই এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় ভুক্তভোগী এলাকাবাসী কামরানের কাছে অভিযোগ জানিয়ে বলেন- বিগত ৫ বছর উপশহরের ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কোনো কাজ হয়নি। এ কারণে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় ওই এলাকায়।

উপশহরের সি-ব্লকের ৩৮ নম্বর রোডের বাসিন্দারা প্রায় তিন দিন ধরে পানিবন্দি। ড্রেনের পানির সঙ্গে জলাবদ্ধতার পানি মিলে একাকার হয়ে গেছে এলাকা। একই অবস্থা নগরীর এ ব্লক ও ই ব্লকের কয়েকটি রোডেও। এলাকাটি জলাবদ্ধ থাকার কারণে তিন দিন ধরে মুসল্লিরা নামাজে যেতে পারছেন না। স্কুল-কলেজে কষ্ট করে যাচ্ছে শিক্ষার্থীরা।

সি ব্লকের বাসিন্দা মঈন উদ্দিন অভিযোগ করে বলেন- তারা তিনদিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন। জলাবদ্ধ পানির সঙ্গে ড্রেন ও স্যুয়ারেজের ময়লা একাকার হয়ে গেছে। এতে করে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।

এলাকার বাদশা মিয়া ও আবুল তাহের বলেন- তিনদিন আগে উপশহরের বিভিন্ন এলাকায় হাঁটু পরিমাণ পানি ছিল। কোথা কোথাও ছিল কোমর সমান পানি।

একই অবস্থা নগরীর সোবহানীঘাট যতরপুর এলাকায়। যতরপুরে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসায় সামনে পানি তিন দিন থেকেও নামছেনা। ফলে এই রাস্তা দিয়ে যানচলাচল প্রায় বন্ধ হয়ে পড়ছে।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনের সময় কামরান বলেন উপশহর একটি অভিজাত এলাকা। সুতরাং এখানে ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নয়ন প্রয়োজন। সরকার ড্রেন ও ছড়া উদ্ধারে প্রচুর টাকা বরাদ্ধ দিলেও কাজ না হওয়া দুঃখজনক। আগামীতে তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের দুঃখ লাঘবে কাজ করবেন বলে জানান।

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন