৩০ জুন ২০১৮


বাগবাড়িতে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বাগবাড়ির একটি বাসা থেকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর ইসলামের (৪৫) বাড়ি কুমিল্লায়। তিনি গত আড়াই বছর ধরে ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে বাগবাড়ি নরশিং টিলার ৯ নং রোডের ১৮৩/৩৮-১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাড়িওয়ালা হৃদয় জানান, গত ২ দিন ধরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখে তার সন্দেহ হয়। সেই সন্দেহ থেকে তিনি শনিবার দুপুরে থানায় খবর দিলে পুলিশ এসে বাসার বাথরুম থেকে গলায় দড়ি লাগানো অবস্থায় নুর ইসলামের মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, নুর ইসলাম ২টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ও ওই পক্ষের চার সন্তান অন্যত্র থাকেন। দ্বিতীয় স্ত্রী ও ওই পক্ষের এক সন্তান নিয়ে নুর ইসলাম এই বাসায় ভাড়া থাকতেন। ঈদের পরদিন স্ত্রীর সাথে নুর ইসলামের ব্যাপক ঝগড়া-বিবাদ হয়। এর জের ধরে তার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান। এই অবস্থায় বাসায় একা ছিলেন নুর ইসলাম।

ঘটনাস্থলে থাকা পুলিশ সুত্রে জানা গেছে, মরদেহটি বাথরুমের ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস লাগানো এবং মাটিতে হাঁটু গেড়ে বসা অবস্থায় পাওয়া গেছে। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল না।

(আজকের সিলেট/৩০ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন