২৩ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক: সিলেটে পুলিশি বাঁধার কারণে পন্ড হয়েছে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল। এ সময় পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাজিরবাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ২০ জন ছাত্রদল নেতাকর্মীকে আটক করে।
জানা গেছে, কারান্তরীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার লক্ষ্যে নগরীর কাজিরবাজার এলাকায় জড়ো হচ্ছিলেন। মিছিলের কোনো অনুমতি না থাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক কেড়ে নেয় এবং কয়েকজন নেতাকর্মীকে আটক করে। এতে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ সময় পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়লে তারাও ইটপাটকেলের পরিমাণ বাড়িয়ে দেয়। এ সময় পুলিশ ছাত্রদলকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক। অন্যদের নাম ঠিকানা জানা যায়নি।