১৮ জুন ২০১৮


শিবগঞ্জে স্কুলছাত্র খুনের ঘটনায় আটক ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর শিবগঞ্জে মশিউর রহমান তাহমিন (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক ফয়েজ সিলেট নগরীর টিলাগড়স্থ বটেরতল এলাকার বাসিন্দা।

রবিবার রাতে টিলাগড় থেকে ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, স্কুলছাত্র মশিউর রহমান তাহমিন হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ফয়েজকে রোববার আটক করা হয়েছে। বর্তমান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করেছে। আগামীকাল (সোমবার) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে চেষ্টা চলছে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাহমিনের বন্ধু রাফাত হোসেনকে হেফাজতে নিয়ে শনিবার রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার রাত ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন মিলে তাহমিনকে গলা ও গালে ছুরিকাঘাত করে। এ সময় তাহমিন দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

পরিবারের দাবি, সন্ধ্যায় দিকে তাহমিনের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

এদিকে, এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ১০টা এক মিনিটে তাহমিন গলায় রক্তাক্ত অবস্থায় রাস্তা পার হচ্ছে। রাস্তা পারের পর সে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সিসিটিভির ফুটেজে আরও দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে।

(আজকের সিলেট/১৮ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন