১৮ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেট নগরীর এখনও অনেকটাই ফাঁকা। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বল্প সংখ্যক গাড়ি চলাচল করলেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহনের চাপ নেই, যানজটের যন্ত্রণাও নেই।
সোমবার সকালে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, সুরমা পয়েন্ট, শিবগঞ্জ, আম্বরখানা, মিরাবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা একেবারে নগন্য। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও নগরের কয়েকটি স্থানে ওষুধের ফার্মেসী খোলা থাকতে দেখা গেছে।
জিন্দাবাজারের বাসিন্দা সাহেদ আহমদ জানান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা আসলেই নগর পুরোটাই ফাঁকা হয়ে যায়। সড়কে আর কোন যানজট থাকে না। পুরোটাই কোলাহলমুক্ত হয়ে যায়।
এদিকে, ঈদের তৃথীয় দিন হওয়ায় ভীড় এখন বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভীড় দেখা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন বেড়াতে। ফলে যানবাহনের সংকটের মাঝে রিকশা চালক ও সিএনজি অটোরিকশা চালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
আর রোববার ঈদের ছুটি শেষ হয়েছে। আজ থেকে খুলেছে অফিস আদালত।
(আজকের সিলেট/১৮ জুন/ডি/কেআর/ঘ.)