৩ জুন ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট বিভাগের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলায় চালু হতে যাচ্ছে ২১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যতিক্রমী সোলার অটোচার্জিং স্টেশন। এই স্টেশনটি চালু হলে গ্রীষ্ম মৌসুমে চাপ কমবে গ্রিডের বিদ্যুতের উপর। ফলে, সাশ্রয় হবে বিদ্যুৎ ও কমবে লোডশেডিং। এই সোলার চার্জিং স্টেশন থেকে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা সহজেই চার্জ করে নেয়া যাবে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের দিক চিন্তা করে ‘সোলার অটো চার্জিং স্টেশন’ চালুর পদক্ষেপ নেয় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১। পুরো সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে এই সোলার অটো চার্জিং স্টেশন। বিশ্বনাথ উপজেলা সদরের বিশ্বনাথ-রশিদপুর সড়কের পার্শ্ববর্তী বাইপাস সড়কের মুখে নুরুল ইসলাম ফিলিং স্টেশনে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই সোলার চার্জিং স্টেশনটি স্থাপিত হচ্ছে। স্থাপন কাজ অনেকটা শেষ পর্যায়ে।
জানা গেছে, বিশ্বনাথে গ্রীড বিদ্যুতের একটি বড় অংশ ইজিবাইক ও অটোরিকশার ব্যাটারি চার্জিং-এ ব্যবহৃত হচ্ছে। উপজেলায় ৫ থেকে ৬শ’ ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা রয়েছে। যেগুলো গ্রিড বিদ্যুতের উপর নিরর্ভশীল। এ কারণেই উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। এছাড়া ইজিবাইক ও অটোরিকশা মালিক এবং চালকদেরকে অতিরিক্ত টাকা দিয়ে গাড়িতে চার্জিং করাতে হয়। নির্মাণাধীন ২১কিলোওয়াট সম্পন্ন এই সোলার অটো চার্জিং স্টেশন থেকে নামমাত্র ফি দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ দেয়া যাবে এবং মাত্র ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই গাড়ি চাজির্ং হয়ে যাবে। এতে যে গাড়িচালক ও মালিকদের টাকা সাশ্রয় হবে, শুধু তাই নয় তেমনি চাপ কমবে গ্রীডের বিদ্যুতের উপরও। ফলে অনেকটা কমে আসবে লোডশেডিং।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ বর্মণ বলেন, সম্পূর্ণ সৌর বিদ্যুৎ ব্যবহার করে এ স্টেশন তৈরির ফলে চাপ কমবে বিদ্যুতের উপর। এ সপ্তাহেই সোলার অটোচার্জিং স্টেশনটি চালু করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্টেশনটি উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, সিলেট বিভাগে এটিই আমাদের প্রথম সোলার অটোচার্জিং স্টেশন। বিদ্যুৎ সাশ্রয় ও লোডশেডিং হ্রাসেই এটি স্থাপন করা হয়েছে। এই স্টেশনে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কোন কারণে বিদ্যুৎ না থাকলেও এটি সার্বক্ষণিক চালু থাকবে।
(আজকের সিলেট/৩ জুন/ডি/কেআর/ঘ.)