১৮ মে ২০১৮
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তা ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার দুপুরের দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি রামগঙ্গা এলাকায় একটি ব্রিজের কাছে সড়কের অর্ধেক ধ্বসে পড়েছে।
চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম জানান, গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাস্তাটি ধ্বসে গেছে।
খবর পেয়ে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, সড়কের আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ধ্বসের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, স্থানীয় প্রভাবশালীরা রাস্তা ও আশপাশের এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসন প্রায়ই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা করলেও থেমে নেই বালু উত্তোলন। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
(আজকের সিলেট/১৮ মে/ডি/এমকে/ঘ.)