৭ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর জামায়াতের আমীর এ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরর বিরুদ্ধে সকালে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হলেও দুপুরে তারা আদালতে হাজির হলে জামিন মঞ্জুর করেন আদালত।
সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূইয়ার আদালতে সকালে গ্রেফতারী পরোয়ানা জারির পর দুপুরে তাদের জামিন মঞ্জুর করা হয়।
জানা যায়, সোমবার সকালে মহানগর দায়রা জজ আদালতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হাজিরা দেয়ার কথা ছিলো বিএনপি নেতা ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং জামায়াত নেতা এ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের। মামলা নং- ১৭। কিন্তু তারা অন্য আদালতে উপস্থিত থাকায় সময়মতো হাজির হতে পারেন নি। ফলে বিচারক দুজনের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এঘটনার পর পরই দুপুরে বিরোধী দলের এই দুই নেতা পুনরায় নিজেদের অবস্থান বখ্যা করে আদালতে জামিনের জন্য আবেদন করেন। আদালত সার্বিক দিক বিবেচনা করে দুজনের জামিনের আবেদন মঞ্জুর করেন।
কয়েস লোদীর আইনজীবী এ্যডভোকেট মসরুর চৌধুরী শওকত বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেট ডটকমকে বলেন, আমার মোয়াক্কেল আদালতে আসতে একটু দেরি হওয়ায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছিলো। পরে অবশ্য আদালত জামিন মঞ্জুর করেছেন।
(আজকের সিলেট/৭ মে/ডি/এমকে/ঘ.)