৪ মে ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব অঞ্চলের গুরুত্বপূর্ণ মনতলা বিজিবি ক্যাম্প থেকে কমলপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার এখন বেহাল দশা। এতে জনগণের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানে স্থানে ভাঙ্গন আর ইট সুড়কি উঠে গিয়ে রাস্তার জীর্ণদশা। কয়েক বছর আগে নির্মিত এ রাস্তার ছোট বড় ৪৬টি ভাঙ্গন দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানায়, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১২ সালে মনতলা বিজিবি ক্যাম্প থেকে কমলপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করে এলজিইডি। এতে কোটি টাকা ব্যয় হয়। কিন্তু নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই এ সড়কের স্থানে স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে জনচলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে। এ সড়ক দিয়ে প্রায়ই বেপরোয়াভাবে বালু বোঝাই ট্রাক্টর চলাচলের ফলে রাস্তাটি হুমকির মুখে পড়েছে। রাস্তায় ভাঙ্গন দেখা দেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
কমলপুর গ্রামের রুবেল মিয়া জানান, পূর্ব অঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ এ রাস্তার উপর নির্ভরশীল। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। রাস্তাটি ভাঙ্গাচোরা হওয়ায় ছোট যানবাহন অনেক ঝুঁকি নিয়ে চলাচল করে। রাস্তাটি সংস্কার করা হলে গ্রামের মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজেই পরিবহণ করে আর্থিক লাভবান হত। রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী তানজীর উল্লাহ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য প্রাক্কলন ব্যয়সহ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি আর্থিক বরাদ্দ পেলেই মেরামতে ব্যবস্থা নেয়া হবে।
(আজকের সিলেট/৪ মে/ডি/কেআর/ঘ.)