২৪ এপ্রিল ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোহেল আহমেদ নামে এক ট্রাক চালক এবং নানু মিয়া নামে অপর এক পথচারী মারা গেছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছে আরও ৪ জন।
নিহত ট্রাক চালক সোহেল আহমেদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এবং পথচারী নানু মিয়া চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুস সোবহান এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় দাঁড় করিয়ে গাড়ীতে কাজ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা ট্রাক চালক সোহেল আহমেদ ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান। আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন এবং পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ ৪ জন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানু মিয়া মারা যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র কর্মকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বিষয়টি নিহতদের স্বজনদের জানানো হয়েছে।
(আজকের সিলেট/২৪ এপ্রিল/ডি/কেআর/ঘ.)