২১ এপ্রিল ২০১৮


ইলিয়াস আলীসহ সকল গুমের সাথে ‘র’ জড়িত : ড. জাফরুল্লাহ চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক প্রতিবেদক : বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীসহ সকল গুমের সাথে সরকার ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ভারত আমাদের দেশকে তাদের করদরাজ্যে পরিণত করতে তাদের গোয়েন্দা সংস্থা র’ ব্যবহার করছে। ইলিয়াস আলীসহ সকল গুমের সাথে ভারতের ‘র’ জড়িত। ভারতের টিপাইমুখী বাঁধ নির্মাণের প্রতিবাদে গণআন্দোলন তৈরী করায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই সরকারের কাছে গুমকৃতদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে কোন লাভ নেই। কারণ তাদের পরিচালনা করছে ভারত। সবার আগে দেশপ্রেমিক জনতাকে ভারতের বিরুদ্ধে জেগে ওঠতে হবে।

শনিবার বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ এবং ইলিয়াসের গাড়িচালক আনসার আলী ‘গুমের ছয় বছর’ উপলক্ষে ও তাদের সন্ধান দাবিতে ‘ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম ও আগামীর রাজনীতি’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনীতিতে প্রতিযোগিতার বিকল্প নেই। কিন্তু প্রতিহিংসার মাধ্যমে বিরোধী পক্ষকে গুম এবং মামলা দিয়ে নিশ্চিহ্ন করার নোংরা রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন আন্দোলন। ঘরে কিংবা হলরুমে কর্মসূচি নয়, রাজপথ দখল নিতে হবে। তাহলে রাজনীতিতে পরিবর্তন আসতে বাধ্য। খালেদা জিয়ার মুক্তির দাবি না জানিয়ে সুবিচারের দাবিতে স্বোচ্ছার হতে হবে। সুবিচার নিশ্চিত হলে সাজা তো দূরের কথা খালেদা জিয়ার কথিত দুর্নীতির মামলাটিই একেবারে উড়ে যাবে।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল হলিসাইডের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সম্মিলিতি পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন। সভায় ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর ভাগ্নি ফাতেমা বিনতিন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈনুদ্দিন আহমদ, ছাত্রদল নেতা জুনেদ আহমদের ছোট ভাই হাসান মঈনুদ্দিন আহমদ ও গাড়িচালক আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম বক্তব্য রাখেন।

সিলেট জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।

(আজকের সিলেট/২১ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন