১৯ এপ্রিল ২০১৮

শাবি প্রতিনিধি : নিজ বিভাগের প্রধানের দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষক।
উপাচার্য বরাবর দাখিল করা অভিযোগ পত্রে এই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, গত ১৬ এপ্রিল বিভাগের জরুরি সভায় ১৩২ নম্বর ল্যাবরেটরি রুমের দায়িত্ব বন্টন নিয়ে বিভাগের প্রধানের সাথে তার কথা কাটাকাটি হয়।
“ এক পর্যায়ে বিভাগীয় প্রধান তীব্র উত্তেজিত হয়ে আমাকে গেইট আউট গেইট আউট বলে আমার ডান হাতে প্রচন্ডভাবে আঘাত করেন।”
তিনি বলেন, “এসময় উপস্থিত থাকা অন্যান্য সহকর্মীরা বিভাগীয় প্রধানকে থামিয়ে দিলে পরক্ষণেই আবার উত্তেজিত হয়ে আমাকে আক্রমন করতে তেড়ে আসেন। পরে অনেক ধস্তাধস্তি করে সহকর্মীরা আবার তাকে থামিয়ে দেন।”
অভিযোগপত্রে ‘বিভাগীয় প্রধান’ কর্তৃক লাঞ্ছনার কথা উল্লেখ করা হলেও কোন ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হচ্ছেন সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এ ঘটনার সময় বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে এটিএম শহিদুল হক মজুমদার, মো. জাকারিয়া, ড. মো. সাইফুল আলম, ড. এম ফরহাদ হাওলাদার এবং সিফাত হোসাইন উপস্থিত ছিলেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন রফিকুল ইসলাম।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলামসহ অভিযোগপত্রে উল্লেখ করা ঘটনাস্থলে উপস্থিত এটিএম শহিদুল হক মজুমদার, মো. জাকারিয়া, ড. মো. সাইফুল আলমের মোবাইলে ফোন করা হলে তারা রিসিভ করেননি।
(আজকের সিলেট/প্রতিনিধি/ এইচআই/১৮এপ্রিল/ঘ.)