২৮ ডিসেম্বর ২০২৩


কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাক্টর-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। তিনি লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার রাতে উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- অটোরিকশার চালক জয়নাল মিয়া (৪০), যাত্রী সালাউদ্দিন (৩০) ও ননি দে (৫০)।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন