২৭ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম আব্দুস সাত্তার (৭০)। তিনি বিরাট (উজানপাড়া) গ্রামের মৃত মো.হোসেন মিয়ার ছেলে।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নেে বিরাট (উজানপাড়া) গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে আব্দুস সাত্তার মিয়া গোসল করার জন্য তার বাড়ি থেকে রাস্তার বিপরীতে অবস্থিত একটি পুকুরে যান। গোসল সেরে বাড়ি ফেরার জন্য রাস্তা পাড় হবার সময় বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা সাত্তার মিয়াকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। অটোরিকশাচালকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।