২৬ ডিসেম্বর ২০২৩
সৈয়দ রাসেল আহমদ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন নিয়েই যেন সকল আলোচনা সমালোচনা। সিলেটের অন্যান্য আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে সিলেট-৬ আসন। তার একমাত্র কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত হেবিওয়েট প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। তাছাড়া শেষ পর্যন্ত এই আসনে কি হতে যাচ্ছে তা নিয়েও সিলেটবাসীর চোখ এই আসনের দিকে।
এবারের নির্বাচনে শমসের মুবিন চৌধুরী এ আসন থেকে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করবেন।
নুরুল ইসলাম নাহিদ ও শমসের মবিন চৌধুরী ছাড়াও এ আসনে রয়েছেন আরও ৪ জন প্রার্থী। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, ইসলামি ঐক্য জোটের প্রার্থী সাদিকুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।
সিলেট-৬ আসনের ভোটারদের সাথে কথা বললে তারা জানান, ‘যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জামানত হারাতে পারেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ছাড়াও ইসলামি ঐক্য জোটের প্রার্থী সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা। দীর্ঘদিন এলাকা না থাকা শমসের মুবিন চৌধুরী হঠাৎ করেই সিলেট-৬ আসনে নির্বাচন করছেন,তাই এতো স্বল্প সময়ে বড় একটা ভোট ব্যাংক তৈরি করা তার পক্ষে অসম্ভব বলে মনে করছেন ভোটাররা।
তবে ভোটারদের মতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থাকবেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিন। এ দুজন থেকে একজন হতে পারেন আগামীর সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমনটাই আভাস দিচ্ছেন স্থানীয় জনগণ।
এদিকে আওয়ামী শিবিরেও বিভিন্ন কৌশলে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা, নিজেদের প্রার্থীর জয় নিয়েও বেশ আশাবাদী তারা।
তবে অনেক ভোটার মনে করছেন, ‘শেষ সময়ে এসে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীর মধ্যে যেকোন একজন অন্যজনকে সমর্থন দিয়ে বসে যাবেন।
আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশাবাদী ৬ জন প্রার্থী। তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। সে লক্ষ্যে বিরামহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ওয়ার্ডে ওয়ার্ডে তারা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। প্রার্থীদের পক্ষে বাড়ি-বাড়ি ভোটারদের কাছে যাচ্ছেন কর্মীরা।
উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৭ হাজার ৫০৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৩৯ জন।