২২ ডিসেম্বর ২০২৩


গোয়াইনঘাটে নতুন জাতের বোরো ধান চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাট উপজেলার হাওরে কৃষকদের মাঝে বোরো ধান আবাদে বিশাল কর্মযজ্ঞ চলছে। কাক ডাকা ভোরে শীত উপেক্ষা করে কাঁদে কোদাল হাতে ভাতের টিফিন নিয়ে বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।কেউ আইল কাটায় কেউ হালির চারা উত্তোলনে কেউবা পানি সেচে ও চারা ধান রোপনে মেতে উঠেছেন তারা।বিশ্রাম নেওয়ার কোন ফুসরত নেই। আবার গোধূলি সন্ধ্যায় আবছা অন্ধকারে গবাদিপশু সাথে করে বাড়ি ফিরছেন। সংশ্লিষ্টরা জানান, কৃষি বিভাগের পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগিতায় কৃষকরা ইতোমধ্যে নতুন জাতের বীজ (ব্রি- ধান- ৮৯, ৯২, ২৫, ৯৬ ও বঙ্গবন্ধু ১০০ জাতের) ধান রোপণ শুরু করেছেন।

নতুন জাতের বোরো ধান চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। গত বছর কৃষকরা বোরো ধানের ভাল ফলনে ও দামে এবছরও বোরো ধানের চারা রোপন ও পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন। খোঁজ নিয়ে দেখা যায়, নতুন জাতের ধান আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। বালাইমুক্ত, উৎপাদন সময় কম, তাই খরচ সাশ্রয় এবং ফলন ভাল হওয়ার আশা নিয়ে তারা এ নতুন জাতের বোরো ধান আবাদের জন্য জমি প্রস্তুত ও রোপণ কাজে সময় দিচ্ছেন এমনটাই জানালেন কৃষকেরা। আবহাওয়া ভাল থাকলে এবং পরিবেশ ও প্রতিবেশ অনুকূলে থাকলে অন্যান্য জাতের তুলনায় একটু আগেই ফসল ঘরে তুলতে পারবেন এমন আশা করছেন গোয়াইনঘাটের কৃষকরা।

কৃষি অফিস সূত্র জানায়, এ বছর গোয়াইনঘাট উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ৯৭৩৫ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। ব্রি-২৮ ও ২৯ জাতের বোরো ধানের আবাদ দীর্ঘদিনের হওয়ায় এই ধান রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে,তাই রোগবালাইয়ের আক্রমণে বেশি পড়ে।
মাঠ পর্যায়ে কৃষকদের নতুন জাতের বোরো ধান আবাদে দিকনির্দেশনা দেওয়াসহ উৎসাহিত করা হচ্ছে।

কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, এসব নতুন জাতের বোরো ধানের উৎপাদন আশানুরূপ হবে এবং নতুন জাতের বীজের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষকরা ভাল ও গুণগত মানের বীজ সহজেই পেয়ে যাবে। কৃষকদের কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না।

শেয়ার করুন