১৯ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ -৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ শহরের হাসন নগরের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি।
এ বিষয় নিয়ে ইমন বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ছাত্র লীগ, যুব লীগের রাজনীতি করে এখন আওয়ামী লীগের রাজনীতি করছি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি ও আমার সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করব এবং নৌকার বিজয় নিশ্চিত করব।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন, অ্যাড. নান্টু রায়, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাবেক সদস্য সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, অ্যাড. হাসান মাহবুব সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।