১৬ এপ্রিল ২০১৮


ঘাসিটুলায় কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর ঘাসিটুলা এলাকায় সোহাগ মিয়া (১৬) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ মিয়া মাকে নিয়ে নগরের মজুমদার পাড়ার ময়না মিয়ার কোলোনিতে ভাড়া থাকত। সে বগুড়ার ওলিরবাজার ঝুপবাড়ি গ্রামের আশরাফ মিয়ার ছেলে।

সোমবার দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘাসিটুলা এলাকায় এলজিইআরডি অফিসের পাশে প্লাসিকের বস্তার ভেতর থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখে এলাকার লোকজন কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। বেলা সোয়া ১১টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় এলাকার লোকজন মরদেহ দেখতে ভিড় করেন। পরে নিহতের মা ফুলবানু বেগম মরদেহ শনাক্ত করেন।

নিহতের বোন দুখুনি বেগম জানান, চারদিন ধরে তার ভাই নিখোঁজ ছিল।

কোতোয়ালি মডেল থানার এসআই খোকন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে তাকে কেউ হত্যা করে বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে।

(আজকের সিলেট/১৬ এপ্রিল/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন