১৭ ডিসেম্বর ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় ট্রাক ভর্তি ভারতীয় মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের শাড়ি, লেহেঙ্গা, শাল, সোয়েটার, রুমাল, বডি লোশন, ক্রিম ও একটি টাটা ট্রাক। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। রোববার সন্ধ্যায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবারর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর বিওপির টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল নিয়ে ট্রাকটি বাংলাদেশের ভেতরে ঢুকলে মালামাল জব্দ করা হয়।
এ সময় মালামাল রেখে চোরাকারবাবিরা পালিয়ে যায়। জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।