১৩ ডিসেম্বর ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) লোকজনের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ডাকাতি ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার সকালে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগানের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল ইসলাম ও তার পরিবারের কয়েকজন সদস্য গাড়িযোগে বাংলোয় ফিরছিলেন। পথে বাগানের ভেতরের রাস্তায় অস্ত্রধারী ডাকাতরা গাড়িটি থামিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইলফোন লুটে নেয়।
একই স্থানে ডাকাতদের কবলে পড়েন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ আরও ১০-১২ জন লোক।
ঘটনার পর থেকে ডিজিএম এমদাদুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর ব্যবহৃত মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, ডাকাতরা ধারাবাহিকভাবে কয়েকটি গাড়ি আটক করে যাত্রীদের বেঁধে রাখে। সবার মালামাল লুটে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুনে বাঁধা থাকা অবস্থায় ডাকাতির শিকার কয়েকজনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়েছে স্থানীয়রা।
এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।