১৩ ডিসেম্বর ২০২৩
ক্রীড়া ডেস্ক : ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিল। আগামী ১৯ ডিসেম্বর হবে এবারের আইপিএল আসরের নিলাম। চলতি আসরে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। আছেন সহযোগী ক্রিকেট দেশ থেকে দুইজনও।
আইপিএলে বাংলাদেশ থেকে চূড়ান্ত নিলামে আছেন তিন পেসার। এর আগেও আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের সঙ্গে সেই তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। আর এদের মধ্যেই একজন আছেন কলকাতা নাইট রাইডার্সের নজরে।
দীর্ঘদিন শিরোপা থেকে বঞ্চিত কেকেআর। সাফল্যের খোঁজে মরিয়া কলকাতা এবার মূলত পেস বোলিং অ্যাটাকের দিকেই বেশি নজর রাখছে। আগেরবার দলে থাকা একাধিক পেসারকে এরইমাঝে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। টিম সাউদি, লোকি ফার্গুসন, উমেশ যাদব, শার্দূল ঠাকুরের মতো বোলারদের নিলামের আগেই বিদায় বলেছে কেকেআর। অবস্থা বিবেচনায় তাই পেসারদের দিকেই নজর কলকাতার।
এবার নিলাম থেকে চারজন বিদেশিসহ মোট ১২ ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। কেকেআর কর্তৃপক্ষ বেশ কয়েক জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, এই তালিকায় আছে বাংলাদেশের তাসকিনের নামটাও।
এএস // আতারা