১৩ ডিসেম্বর ২০২৩
লাহোর প্রদেশের বাসিন্দা মাহা বাজোয়ার (৩০)। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি : এবার আদালতে ‘১০ লাখ টাকা যৌতুক দাবি”র মামলা করলেন হবিগঞ্জে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়া। স্ত্রী-সন্তানকে অবহেলায় অভিযুক্ত হবিগঞ্জের চুনারুঘাট শহরের সাজ্জাদ হোসেন তালুকদারের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীনের আদালত মামলাটি আমলে নেন। একইসঙ্গে সাজ্জাদ হোসেনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। সাজ্জাদ বড়াইল এলাকার সফিউল্লা মজুমদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার তাজুল ইসলাম। তিনি জানান, গত সোমবার (১১ ডিসেম্বর) ১০ লাখ টাকার যৌতুক মামলা দায়ের করেন পাকিস্তানি নারী। মঙ্গলবার শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ১০ বছর আগে দুবাইয়ে মাহার সঙ্গে পরিচয় হয় সাজ্জাদ হোসেন মজুমদারের। মাহা বাজোয়ার পাকিস্তানের লাহোর প্রদেশের মুলতান রোডের সাকি স্ট্রিট সৈয়দপুরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। পরিচয়ের একপর্যায়ে ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়েও করেন মাহা-সাজ্জাদ। জান্নাত নামে আট বছরের একটি কন্যাসন্তানও রয়েছে তাদের।
২০১৮ সালে সাজ্জাদের বাড়িতে কয়েক মাস অবস্থান করেন মাহা। পরে পাকিস্তানে চলে যাওয়ার পর স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। গত ১৭ নভেম্বর মাহা বাজোয়া পাকিস্তান থেকে স্বামীর বাড়ি চুনারুঘাটে আসেন। এসময় সাজ্জাদ স্ত্রীর প্রতি অবহেলা করার পাশাপাশি ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ৮ ডিসেম্বর যৌতুকের ১০ লাখ টাকা না দেওয়ায় মাহা বাজোয়াকে বাড়ি থেকে বের করে দেন সাজ্জাদ। পরে মাহা বাজোয়া বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
এএস // আতারা