১১ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই হবিগঞ্জে পেঁয়াজের বাজারে ঝরছে আগুন। একদিন না যেতেই জেলাজুড়ে লাফ দিয়েছে খুচরা ও পাইকারি দাম। ৯০ টাকা কেজি দরের পেঁয়াজ কোথাও কোথাও বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়।
এমন পরিস্থিতিতে পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ্র। জেলায় খুচরা পর্যায়ে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ করেছেন তিনি।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে তার কার্যালয়ে পেঁয়াজ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পেঁয়াজের দরের এমন লাফানোকে প্রোপাগান্ডা বলে জানান এ জেলা প্রশাসক।এরপর হবিগঞ্জের বাজারে পেঁয়াজের মূল্য বেঁধে দেন তিনি।
তিনি জানান, পাইকারি এলসি পেঁয়াজের মূল্য ১২০ টাকা এবং খুচরা মূল্য ১২৫ টাকার বেশি হতে পারবে না। ডিসি আরও জানান, সভার নির্দেশনা অনুযায়ী খুচরা বিক্রেতারা এক বা দুই বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে কিনতে পারবেন না। খুচরা ক্রেতারা ক্রয় করতে পারবেন সর্বোচ্চ ১ কেজি। বিক্রেতাদের সর্বনিম্ন ২৫০ গ্রাম পেঁয়াজ বিক্রি করতে হবে।
এর ব্যত্যয় ঘটলে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
এএস // আতারা