১৫ এপ্রিল ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের ট্যাডার আঘাতে হেলাল মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত হেলাল মিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।
শনিবার গভীর রাত উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে করে এই ঘটনা ঘটে।
নিহতের ভাই ফয়সল মিয়া জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে তার ভাই হেলাল মিয়ার সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। মসজিদ থেকে বের হওয়ার পর আগ থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষের ১০/১২ জন হেলালের উপর ট্যাডা দিয়ে হামলা চালায়।
স্থানীয়রা বুকে ট্যাডার আঘাতে গুরুত্বর আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মিঠুন রায় জানান, নিহত যুবকের শরীরে একটা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বুকের বাঁ পাশে লেগে তিনি মারা গেছেন।
মাধবপুর থানার ওসি চন্দ্রন কুমার জানান, মসজিদের শিন্নি (তাবারক) বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে হেলাল মিয়া নিহত হয়েছে। এ ঘটনায় হান্নান নামে অপর একজনকে আটক করা হয়েছে।
(আজকের সিলেট/১৫ এপ্রিল/ডি/কেআর/ঘ.)