৪ ডিসেম্বর ২০২৩
আ.লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম শহিদ। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের সমর্থনকারীদের তালিকায় মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। ফলে তদন্তের জন্য তার মনোনয়নপত্র স্থগিত রেখেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম।
সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজার-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এসময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের দাখিল করা মোট ভোটারের এক শতাংশ সমর্থনকারীর স্বাক্ষর যাচাইকালে তালিকায় এক মৃত ব্যক্তির নাম দেখা যায়।
সমর্থনকারীদের তালিকায় থাকা ওই মৃত ব্যক্তির নাম বশির মিয়া। গত ১১ মাস আগে তিনি মারা গেছেন বলে জানা গেছে। বশির মিয়া মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার বাসিন্দা।
মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন, এ নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা। এ ছাড়াও সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় ওই নামে কোনো ভোটার পাওয়া যায় নি। সমর্থনকারী বাছিত মিয়া নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। এসব কারণে আব্দুর রহিম শহিদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বলেন, নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে তা-ই হবে।
এএস // আতারা