৩ ডিসেম্বর ২০২৩


শ্রীমঙ্গলে জমছে না শীতের কাপড় বেচা-কেনা

শ্রীমঙ্গলে এখনো জমছে না শীতের কাপড় বেচা-কেনা

শেয়ার করুন

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : নভেম্বর মাস পেরিয়ে গেলেও শ্রীমঙ্গলে এখনো জমে উঠে নি শীতের কাপড়ের বাজার।বেচা-বিক্রি না বাড়ায় কাপড় ব্যবসায়ীদের মুখে চিন্তার ভাঁজ পড়ছে। বছরের এই সময়ে শীতের পোশাকের ভালো ব্যবসা করেন শ্রীমঙ্গলের কাপড় ব্যবসায়ীরা। শীতের আগমনকে সামনে রেখে কম্বল, জ্যাকেট-সোয়েটার, মাফলার,কানটুপিসহ বিভিন্ন ধরণের পোশাক সংগ্রহ করে প্রস্তুত থাকেন তারা। কিন্তু এবারে ঠাণ্ডা কম হওয়ায় চাহিদানুযায়ী বিক্রি জমছে না।তবে ডিসেম্বর মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। বৃষ্টি হলে শীত জেকে বসার সম্ভবনা রয়েছে দেশে। এতে কাপড়ের ব্যবসা জমে উঠবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় পোশাক ব্যবসায়ীরা।


সরেজমিনে শ্রীমঙ্গল পৌর শহরের এম সাইফুর রহমান মার্কেটসহ বিভিন্ন কাপড়ের মার্কেট ঘুরে দেখা যায়, পোশাকের দোকানে ক্রেতা তেমন একটা নেই। ব্যবসায়ীরা দোকান খুলে অলস সময় পার করছেন। কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শীত কম পড়ায় এখনো বিক্রি জমে ওঠেনি। এখন যারা মার্কেটে আসছেন তারা শীতের প্রস্তুতি হিসেবে শিশু ও বয়স্কদের শীতের পোশাক এবং কম্বল কিনছেন। ডিসেম্বর মাসে শীত পড়লে ব্যবসাও জমে উঠবে।

সাইফুর রহমান মার্কেটের রাব্বি ফ্যাশনের মালিক সাব্বির চৌধুরী জানান, এ মার্কেটে বিশেষ করে নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতা বেশি আসেন। এছাড়াও পাইকারী কাপড় বিক্রি হয় বেশি। মৌলভীবাজার জেলাসহ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ থেকে ক্রেতারা কাপড় কিনে থাকেন এখান থেকে।

তাছাড়া নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য এখানে পুরাতন গাট্রির কাপড় বিক্রি হয়। গাট্টিতে বিভিন্ন ধরণের ও সাইজের পোশাক মিলে। এসব পোশাকের দামও নিম্ন আয়ের মানুষের নাগালের ভেতর। অনেক ব্যবসায়ী কাপড়ের গাট্টি খুলেছেন, কিন্তু বিক্রি একেবারে কম হচ্ছে। তবে শীত বাড়লে বিক্রিও বাড়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

ফুটপাতের কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, বর্তমানে শিশুদের কানটুপি, মোজাসহ বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে। তবে শীত পড়লে বিক্রি আরও বাড়বে।তারা বলছেন,বছরের এ সময়টায় দেশের বিভিন্ন স্থান থেকে অধিক পরিমাণের পর্যটক শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। এবার হরতাল ও অবরোধের কারণে পর্যটকরা শ্রীমঙ্গলে আসছেন না। পর্যটক না আসায় অন্যান্য ব্যবসার মতো কাপড়ের ব্যবসায়ও ভাটা পড়েছে।

এএস // আতারা

শেয়ার করুন