৩০ নভেম্বর ২০২৩


সিলেটে আজ হরতাল

সর্বশেষ হরতাল কর্মসূচিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিলকালীন ছবি।

শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের পদত্যাগ, ঘোষিত তফসিল বাতিল ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সিলেটসহ দেশব্যাপী হরতাল আজ। সকাল ৬টায় শুরু হয়েছে এ কর্মসূচি। চলবে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত। এদিকে গতকাল ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধী দলগুলো।

অবরোধ সমর্থনে বুধবার সিলেটে পৃথক পৃথক স্থানে মিছিল করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এদিন সকালে মহানগরীর টুকেরবাজারে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। বেলা দুইটায় নয়াসড়ক এলাকায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। একইসময়ে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে অবরোধের সমর্থনে চৌহাট্টা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রিকাবিবাজারে গিয়ে শেষ হয়।আর বাদ যোহর নগরীর শিবগঞ্জে জামায়েতে ইসলামীও একটি মিছিল বের করে।

সরকারের দমন-পীড়নের মধ্যেও সফলভাবে অবরোধ কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন দাবি করে তিনি বলেন, ‘বিএনপিসহ সমমনা দলগুলো দুর্বার গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবারও নেতাকর্মীরা জীবন বাজি রেখে সর্বাত্মক হরতাল পালন করবে।’

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিনদিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৫ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে।

এএস // আতারা

শেয়ার করুন