২৯ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : একদিনের বিরতি শেষে ফের শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের কর্মসূচি। এর মধ্যে আজ বুধবার ভোর ৬টা থেকে সিলেটসহ সারাদেশে শুরু হয়েছে ২৪ ঘণ্টার অবরোধ। চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। অবরোধের সময় শেষ হওয়ার পরই সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল শুরু হবে।
এর আগে সপ্তম দফা অবরোধের শেষ দিন সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে দুই কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে। পরে একই কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামীও।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে শুক্র, শনি ও মঙ্গলবার ছাড়া টানা অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। মাঝখানে ২৯ অক্টোবর এবং ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দিয়েছিল দলটি।
এএস // আতারা