২৮ নভেম্বর ২০২৩
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এক ভবঘুরে অন্তঃস্বত্ত্বা নারী মা হতে চলেছন। ‘কিন্তু অনাগত এই সন্তানের বাবা কে’— এমন প্রশ্নে তোলপাড় চলছে এলাকাজুড়ে।নাম-ঠিকানা বলতে না পারায় ওই নারীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয়দাতারা। তবে সমাজসেবা কার্যালয় বলছে, তারা সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
জানা গেছে, গত বুধবার (২২ নভেম্বর) সন্ধার পূর্ব মূহুর্তে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক মন্ডল কাপন গ্রামের দিনমজুর শিশু মিয়ার বাড়িতে প্রায় ৪০ বছর বয়সী এই অপরিচিত নারী আশ্রয় নেন। এসময় শিশু মিয়া ও তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে তাড়াতে পারেন নাই। পরে তিনি নিরুপায় হয়ে ওই নারীকে তার ঘরে আশ্রয় দেন।
এসময় বাড়ির অন্যান্য মহিলারা দেখতে পান ভবঘুরে নারী অন্তঃস্বত্ত্বা। এতে চিন্তিত হয়ে পড়েন বাড়ির মালিক শিশু মিয়া। লোকমুখে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশু মিয়ার বাড়িতে ওই নারীকে দেখতে ছুটে আসেন।
এক পর্যায়ে গত শুক্রবার রাতে তার শারীরিক অসুস্থতা দেখা দিলে দিনমজুর শিশু মিয়া স্থানীয় এক পল্লী চিকিৎসক নিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করান। এ সময় পল্লী চিকিৎসক জানান, ওই ভবঘুরে নারী সপ্তাহদিন পর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। বিষয়টি আশ্রয়দাতা শিশু মিয়া স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও পুটিজুরী পুলিশ ফাড়ির কর্মকর্তাদের অবগত করেছেন। তবে এই নারী তার নাম,পরিচয়, ঠিকানা কিছুই বলতে পারেন না। যার কারণে সংশ্লিষ্টরা পড়েছেন চরম বিপাকে।
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারি বিধি মোতাবেক তার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।
এএস // আতারা