২৮ নভেম্বর ২০২৩


আরও ৩৩ বন্দির মুক্তি দিল ইসরায়েল

শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দি। অন্যদিকে হামাস গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও ৩৩ ফিলিস্তিনি বন্দিকে ‘রাতে’ মুক্তি দেওয়া হয়েছে বলে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে জানিয়েছে। সর্বশেষ এই বন্দি মুক্তির ফলে যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনি বন্দির সংখ্যা ১৫০ জনে পৌঁছেছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে ১১ জন বন্দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘রেড ক্রসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তি পাওয়া ওই ১১ জন বন্দি বর্তমানে ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছেন।’

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

এএস // আতারা

শেয়ার করুন