২৮ নভেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।নিউজিল্যান্ডের বিপক্ষে দুইম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই চক্রে পা রাখছে টাইগাররা। আজ সকাল সাড়ে নয়টা থেকে সিলেটে শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা প্রায় ১৪টি ম্যাচ খেলব। এ বছর ২টি, পরের বছর ১২টি। এ দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাচগুলো দেশের মাটিতে হবে, এগুলো জেতা খুব জরুরি। দল হিসেবে এটাই প্রথম লক্ষ্য। সঙ্গে বাইরে কীভাবে ভালো খেলতে পারি সেদিকেও খেয়াল থাকবে।’
‘এখানে টেস্ট খুব কম হয়েছে। প্রথম শ্রেণির ম্যাচ যা হয়েছে, ধারণা বলতে এতটুকুই। উইকেট নিয়ে খুব লম্বা আলোচনা হয়েছে তা নয়। উইকেট কী রকম বোঝার চেষ্টা করেছি। হোম অ্যাডভান্টেজ এই কথা বলতে চাই না। প্রতিটি দলই যখন হোমে খেলে, এমনিতেই কিছু সুবিধা পেয়ে থাকে। আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। কাল ম্যাচ শুরু হলে আরও স্পষ্ট বোঝা যাবে, উইকেট কেমন আচরণ করছে। তবে কিছুটা হলেও ধারণা হয়েছে। কী ধরনের উইকেট হবে এটা বলা তো ঠিক হবে না।’-যোগ করেন শান্ত।
এদিকে কিউই অধিনায়ক টিম সাউদি বলছিলেন, ‘৪ পয়েন্ট নিয়ে যাওয়া সহজ হবে না। বাংলাদেশ ভালো দল। বিশেষ করে এই কন্ডিশনে। এই টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
এএস // আতারা