২৭ নভেম্বর ২০২৩


টানা ৭ বার নৌকার মনোনয়ন পেলেন ড. মো.আব্দুস শহীদ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে এবারসহ টানা সাতবারের মতো মনোনয়ন পেলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ। তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার বর্তমান এবং টানা ৬ বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

এর আগে তিনি সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার নিয়ে ৭ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ড. আব্দুস শহীদের নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা আনন্দে উল্লাসে মেতে উঠেন।

বিশেষ করে মনোনয়ন পাওয়ার খবরে এই আসনের বিভিন্ন চা বাগানে সাধারণ চা-শ্রমিকরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন। রোববার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মৌলভীবাজার-৪ আসন থেকে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবারও নৌকা প্রতীকে মনোনীত বলে জানানো হয়।

সপ্তম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গণমাধ্যমকে বলেন,‘সকলের দোয়া-আর্শীবাদ, ভালোবাসা ও শুভকামনায় আমার এলাকার প্রিয় নেতাকর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল আওয়ামী লীগের এ মনোনয়ন। সেজন্য জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সবার প্রতি চিরকৃতজ্ঞ। ’

শেয়ার করুন