২৫ নভেম্বর ২০২৩
দিনা রহমান : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রূপ নিচ্ছে ভিন্নমুড়ে। এবারের নির্বাচন যেন কারো সাফল্য,কারো প্রাপ্তি এবং কারো জীবনস্বপ্নের হাতছানি। আসন্ন নির্বাচনে সিলেটের ১৯টি সংসদীয় আসনে অন্যান্যদের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন স্থানীয় সরকারের অন্তত ২৭ জনপ্রতিনিধি। এদের মধ্যে ৩ জন বর্তমান ইউপি চেয়ারম্যান। এছাড়া এ তালিকায় রয়েছেন ১৪ জন সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। আছেন পৌর মেয়র, জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং উপজেলা ভাইস চেয়ারম্যানও।
মাঠ চষে বেড়ানো ইউপি চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা। সিলেট-৪ আসনে পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল।হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার মকরমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া। হবিগঞ্জ-৩ আসনে গত ইউপি নির্বাচনে জামানত হারানো আবুল হাসেম মোল্লা মাসুম।
তালিকার অন্যরা হলেন- সিলেট-২ আসনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। সিলেট-৬ আসনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। একই আসনে মনোনয়ন জমা দিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।
সুনামগঞ্জ-১ আসনে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। সুনামগঞ্জ-২ আসনে উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস ও দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রিপা সিনহা।
সুনামগঞ্জ-৪ আসনে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও তাঁর ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সাবেক জেলা প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
মৌলভীবাজার-১ আসনে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি আহমদ সলমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম।
মৌলভীবাজার-৩ আসনে পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
হবিগঞ্জ-১ আসনে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী। হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। হবিগঞ্জ-৪ আসনে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম।
বিভিন্ন উপজেলার একাধিক আ.লীগনেতা জানিয়েছেন, ‘কিছু জনপ্রতিনিধির সত্যিকার অর্থে জাতীয় নির্বাচন করার মতো সক্ষমতা রয়েছে। তবে অধিকাংশ মনোনয়নপ্রত্যাশী নিজের নাম প্রচারে নৌকা চেয়েছেন।’
তবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘দলের যে কেউ মনোনয়ন ফরম কিনে জমা দিতে পারেন। যোগ্যতার ভিত্তিতে দল তাকে মনোনয়ন দেবে। কাউকে অবহেলার চোখে দেখার সুযোগ নেই।’