২৩ নভেম্বর ২০২৩


লাঠিটিলায় হচ্ছে দেশের তৃতীয় সাফারি পার্ক

শেয়ার করুন

 

মৌলভীবাজার প্রতিনিধি : পাহাড়-টিলার দেশ মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সম্প্রতি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পটি। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি টাকা। এটি হবে দেশের তৃতীয় সাফারি পার্ক।

বন বিভাগ মনে করছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে মৌলভীবাজারে পর্যটনের নতুন দ্বার উন্মোচন হবে। কর্মসংস্থান হবে এলাকার মানুষের।

তবে পরিবেশবাদীরা বলছেন, উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্যে সমৃদ্ধ লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন করা হলে পরিবেশের জন্য সুদূরপ্রসারী ক্ষতি হবে। এ বন থেকে অনেক উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র বিলুপ্ত হয়ে যাবে।

প্রথম পর্যায়ে প্রকল্পটির জন্য ৩৬৪ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এ প্রকল্পের কাজ শুরু হবে, শেষ হবে ডিসেম্বরে। প্রকল্প এলাকার আয়তন ৫ হাজার ৬৩১ একর। এর মধ্যে ৪ হাজার ৭০২ একর বায়োডাইভার্সিটি পার্ক ও ২৭০ একর কোর সাফারি পার্ক।

 

দেশের অন্যতম ক্রান্তীয় চিরসবুজ ও জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমি লাঠিটিলা। জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে অবস্থিত এ বনভূমির আয়তন ৫ হাজার ৬৩১ একর। এখানে থাকা বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে রয়েছে উল্লুক, মায়াহরিণ, উল্টোলেজি বানর, আসামি বানর, মুখপোড়া হনুমান, হাতি। রয়েছে বিভিন্ন ধরনের দুর্লভ পাখির আবাস। এ বনের ২৭০ একর জুড়ে গড়ে তোলা হবে সাফারি পার্ক। দর্শনার্থীরা গাড়িতে ঘুরে ঘুরে খুব কাছ থেকে প্রাণী দেখতে পারবেন। এ ছাড়া প্রাণিকুলের বসবাস ও প্রজননের জন্য থাকবে উপযুক্ত স্থান।

এএস // আতারা

শেয়ার করুন