২২ নভেম্বর ২০২৩
নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ বুধবার থেকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সড়ক,রেল ও নৌপথে ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
বিএনপির সঙ্গে একই কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত সমমনা অন্যান্য রাজনৈতিক দল।
এছাড়াও বিরোধী দলের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি রাজপথে নিজেদের মতো কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি। এর আগে পাঁচ দফায় ২৬৪ ঘণ্টার অবরোধ এবং দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।
এএস // আতারা