১০ এপ্রিল ২০১৮


আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদানের প্রতিবাদ শাবি শিক্ষার্থীদের

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : দিনব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসন ও ক্ষমতাসীন ছাত্র সংগঠন ভয়ভীতি ও হুমকী প্রদান করেছে অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়েছে সিলেটের  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিবাদে মঙ্গলবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করা হয়। পরবর্তীতে একটি মৌনমিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থী সুদীপ্ত ভাস্কর বলেন, “সোমবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীদেরকে রাষ্ট্রপক্ষ থেকে ভয়ভীতি প্রদান করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

জান্নাতে নাঈম নামের এক শিক্ষার্থী বলেন, “ কোটা সংস্কারের দাবি আমাদের সকলের। তবে এই কর্মসূচিতে এ বিষয়ে কোন কথা বলছি না। আমরা শুধু সোমবার রাতে ঢাবি ক্যাম্পাসে ভীতি-সন্ত্রস্থ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের হুমকী প্রদান করার প্রতিবাদ করছি।”

সোমবার রাতে ঘটে যাওয়া ঘটনায় গণমাধ্যম নিরব ভ’মিকা পালন করেছে অভিযোগ করে সমাবেশে গণমাধ্যমের সমালোচনাও করেন বক্তারা।

দিনব্যাপী আন্দোলনের পর সোমবার রাতে ঢাবি ক্যাম্পাসের অবস্থা থমথমে ছিল দাবি করে শাবি শিক্ষার্থী শুভম ঘোষ বলেন, ক্যাম্পাসে এমন উত্তপ্ত অবস্থা নিয়ে মিডিয়া কোন নিউজ করেনি। তাহলে মিডিয়া কেমন ভ’মিকা পালন করলো? আমরা চাই মিডিয়া সত্যকে সামনে নিয়ে আসুক।”

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে ‘বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। দীর্ঘ আন্দোলনের পর রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়া আন্দোলনকারীদের ওপর রাতে হামলা চালায় পুলিশ।

সোমবার দিনব্যাপী আন্দোলনের পর বিকেলে আন্দোলনকারী ‘বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ২০জন প্রতিনিধির সাথে ক্ষমাতাসীন দলের কয়েকজন নেতা।

বৈঠক শেষে সরকারের আশ্বাসে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতারা।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের এক পক্ষ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে ফের উত্তেজনা সৃষ্টি হয় ঢাবি ক্যাম্পাসে।

সোমবার রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে অবস্থান করলে প্রশাসনের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ ওঠে।

কেন্দ্রীয় নেতাদের ডাকে সামনের দিনে কোটা সংস্কারের আন্দোলনে সকল শাবি শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলেও সমাবশে ঘোষণা করা হয়।

 

(আজকের সিলেট/১০ এপ্রিল/এইচআই/ঘ.)

শেয়ার করুন