১৭ নভেম্বর ২০২৩
বৃষ্টিতে ছাতা নিয়ে মক্তবে যাচ্ছেন সীমান্তাঞ্চলের শিশুরা। ছবি : আজকের সিলেট
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই সিলেটে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাতের প্রথম প্রহর থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়। বৃষ্টির সঙ্গে বেড়েছে শীতও।
তবে ফজরবেলায় বিভিন্ন এলাকায় বৃষ্টির গতি বেড়েছে বলে জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধিরা।
গোয়াইনঘাট প্রতিনিধি জানান,বৃহস্পতিবার দিনজুড়ে গোয়াইনঘাটের আকাশ মেঘলা ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূবার্ভাসের মধ্যেই শুক্রবার ফজরে গোয়াইনঘাটে বৃষ্টি হচ্ছে। উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউপিতে বৃষ্টির মাত্রা বেশি।
জৈন্তাপুর, কানাইঘাট,কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ প্রতিনিধিরা জানান,বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ মেঘলা ছিল। রাতে কিছু কিছু এলাকায় হাল্কা বৃষ্টি হয়েছে। তবে (শুক্রবার) ফজরে বৃষ্টির মাত্রা বাড়তে দেখা গেছে।
এর আগে বৃহস্পতিবার দিনে দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কোথাও কোথাও বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও পাহাড় ধস হতে পারে বলেও জানায় অধিদপ্তরটি।
এএস // আতারা