১২ নভেম্বর ২০২৩
গোয়াইনঘাটে আমন ধান কাটা ও মাড়াই শুরু। ছবি: আজকের সিলেট
সৈয়দ হেলাল আহমদ বাদশা : সিলেটের গোয়াইনঘাটে রোপা আমন ধান কাটা ও মাড়াই উৎসব শুরু হয়েছে। আমন ধানের সোনালি শীষে ভরে গেছে কৃষকের খেত। বাতাসে ঢেউ তুলছে সোনালি ধানের শীষ। ধান কাটা ও মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনমজুরদেরও।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমের শুরুতে রোগ বালাইয়ের কবলে পড়লেও পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এ ছাড়াও গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি ও ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। ধানে ধানে ভরে ওঠেছে মাঠ। একই সাথে রঙিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। নতুন ধানের উপস্থিতিতেই কৃষক পরিবারে লেগেছে আনন্দের ঢেউ। বাতাসে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গন্ধ।
সাধরণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার উপযুক্ত সময় হলেও এবারে কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গেছে ধানকাটা।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন, এবার উপজেলায় রোপা আমন আবাদে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৮৩৩ হেক্টর জমি। তবে আমাদের পরামর্শ ও সরকারি বিভিন্ন উপকরণ সহায়তা পেয়ে কৃষক ভাইয়েরা এবার জমি আবাদে ঝাঁপিয়ে পড়েন। যে কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৭ হাজার ৮৩৫ হেক্টর জমি। এবার প্রকৃতি অনুকূলে থাকায় জমিতে বাম্পার ফলন হয়েছে।আশা করছি, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক ফসল কৃষকদের গোলায় ওঠবে।
এএস // আতারা