৯ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং এর মধ্যেই ইয়েমেনে মার্কিন ড্রান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে মার্কিন কর্মকর্তারা এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলন জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুথিদের নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে আটকে দিয়েছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
এএস // আতারা